বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাবি প্রশাসনকে ১৬ দফা দাবি

রাবি প্রতিবেদক ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাবি প্রশাসনকে ১৬ দফা দাবি

‎‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৬ দফা দাবি জানিয়েছেন রাবি ছাত্রদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম।


‎রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনি এ-সংক্রান্ত একটি স্মারকলিপি দেন।


‎‎স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের ডাইনিং, ক্যাফেটেরিয়া ও খাবারের দোকানগুলোতে নিয়মিত তদারকির মাধ্যমে খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি শহীদ মিনার, টুকিটাকি চত্বর, প্যারিস রোড, কাজলা ও বিনোদপুর গেটসহ গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত নিরাপদ পানির ফিল্টার ও পাবলিক ওয়াশরুম স্থাপনের প্রস্তাব করা হয়েছে।


‎‎স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসক ও ওষুধের সরবরাহ বাড়ানো, ২৪ ঘণ্টা মডেল ফার্মেসি ও আধুনিক অ্যাম্বুলেন্স সেবা চালু রাখা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত সেমিনার ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা এবং মশক নিধন ও ড্রেনেজ ব্যবস্থা নিয়মিত পরিষ্কারের দাবি জানানো হয়।


‎‎এ ছাড়া শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা চালু, শ্রেণিকক্ষে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা, অগ্নিনির্বাপক যন্ত্র নবায়ন এবং ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছের ডাল ছাঁটাইয়েরও দাবি জানানো হয়েছে।


‎‎মো. আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যসেবা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। সাধারণ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের কথা বিবেচনায় নিয়ে এসব দাবি জানানো হয়েছে। দ্রুত দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।