জনগণকে দ্রুত হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে আরএমপি কমিশনারের নির্দেশ
জনগণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে থানায় কর্মরত জুনিয়র সেরেস্তা (সহকারী সাব-ইন্সপেক্টর) ও কনস্টেবল (কম্পিউটার অপারেটরদের) নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সভায় থানা এলাকায় চলমান পুলিশি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, মাদকবিরোধী অভিযান জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
পুলিশ কমিশনার বলেন, জনগণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের প্রতিটি কার্যক্রমে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জমি বা জায়গা দখলসংক্রান্ত বিরোধে পুলিশের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। বিভিন্ন অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) যথাযথভাবে গ্রহণ, যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হকার ও দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার। একই সঙ্গে থানা এলাকায় নিয়মিত ও দৃশ্যমান পুলিশি টহল জোরদার করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
রাত ১০টার পর আবাসিক এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নজরদারি বাড়ানো এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
সভায় থানায় কর্মরত কম্পিউটার অপারেটর (কনস্টেবল)দের কম্পিউটার-সংক্রান্ত দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।