অগ্রণী স্কুলের সুবর্ণজয়ন্তী রেজিস্ট্রেশনের উদ্বোধন
রাজশাহী নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রেজিস্ট্রেশনের উদ্বোধন করা হয়েছে। এই রেজিস্ট্রেশন চলবে নভেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত। অনলাইনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীরা এই রেজিস্ট্রেশন করতে পারবে।
রোববার (২০ সেপ্টেম্বর) অগ্রণী স্কুল মাঠে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক ও স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হক চাঁদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ বছরপূর্তি অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।
এ সময় তিনি সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন কার্যক্রমে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান এবং অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. মো আখতার হোসেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামীমা আরা চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের প্রাধ্যক্ষ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের প্রফেসর ড. মোছা: আশীয়ারা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মো. ফিরোজ উদ্দীন।
আয়োজনের ব্যাপারে অধ্যক্ষ মো. সাইফুল হক বলেন, ৫০ দিন ব্যাপী অর্থাৎ আগামী ১০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে। ১৯৮৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন ফি ৩ হাজার টাকা, ২০০১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা ও ২০১৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৬০০ টাকা, রানিং শিক্ষার্থীদের মধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রেজিস্ট্রেশন ফি ১ হাজার ২০০ টাকা, অতিথিদের জন্য ১ হাজার টাকা, চার বছরের বড় শিশুদের জন্য ৮০০ টাকা, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৩ হাজার টাকা ও খন্ডকালীন শিক্ষকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।