বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৫ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৫ পূর্বাহ্ন
রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ রাজশাহী রেলওয়ে স্টেশনের ভাঙচুর ও লাইনে অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা। এসময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।  শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’কর্মসূচির ঘোষণা করে এবং স্টেশনে ভাঙচুর করেন। তবে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যেতে পারিনি। এই ট্রেনে প্রায় হাজারের বেশি যাত্রী ছিল।

জানা গেছে, আইয়ুব আলী নামের এক রাবি শিক্ষার্থী তার চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন। এ সময় স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আইয়ুব আলী এর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মারধরের শিকার আইয়ুব আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


আইয়ুবের সহপাঠী মোহাম্মদ মিজান বলেন, রেলস্টেশনে রাবির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের কর্মচারীদের বাগ্‌বিতণ্ডা হচ্ছিল। পরে আইয়ুব তাদের পক্ষে কথা বললে তাকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। এ ছাড়া ট্রেন থামিয়ে দুই কর্মকর্তাকে আটকের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছাড়ার কথা থাকলেও ছাড়া হয়নি। একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় স্টেশনের রেললাইনে অগ্নিসংযোগ করেছেন। 

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার হুঁশিয়ারি দিয়ে সাংবাদিকদের বলেন, জড়িতদের অনতিবিলম্বে আটক করতে হবে। ট্রেন থামিয়ে প্রতিটি ট্রেন থেকে দুজন করে ট্রেন স্টাফ তুলব আমি। আমার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার নেবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এত প্রতিহিংসা কিসের, এটা দেখতে চাই।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘এ ধরনের কোনো ভায়োলেন্সের ঘটনা কাম্য নয়। আমরা এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠাচ্ছি।

এদিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাতেই রাজশাহী রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া আরএনবির সদস্যরা হলেন আরিফ হোসেন, রোকন উদ্দীন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন। 

দপ্তরাদেশে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কমান্ড্যান্ট (সদর)-এর কাছে নিয়মিত দৈনিক হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।