বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে আদিবাসী তরুণ-তরুণীদের নিয়ে মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন
বাল্যবিবাহ প্রতিরোধে আদিবাসী তরুণ-তরুণীদের নিয়ে মতবিনিময় সভা

‘বাল্যবিবাহ প্রতিরোধ করি, সচেতন সমাজ গড়ে তুলি’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে আদিবাসী তরুণ-তরুণীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে বসন্তপুর গ্রাম কমিটিতে এ সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। সভা পরিচালনা করেন সংগঠনের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।


সভায় আরও বক্তব্য দেন সংগঠনের প্রচার সম্পাদক আফরোজা খান হেলেন, বসন্তপুর গ্রাম কমিটির সভাপতি নয়নতারা এবং গো-গ্রাম ইউনিয়নের সাবেক সদস্য সুধীর চন্দ্র উরাঁও।


মতবিনিময় সভায় সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র, বাল্যবিবাহের ধারণা এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।


সভাপতির বক্তব্যে কল্পনা রায় বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে উত্তরণের জন্য অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


তিনি বাল্যবিবাহ প্রতিরোধে চারটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। এগুলো হলো—নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি পরিবার ও সমাজের সচেতনতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি, নারীর কর্মসংস্থান নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর আইন ও তার যথাযথ প্রয়োগ।


তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রথমেই মেয়েদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহনকে নারীবান্ধব এবং যৌন হয়রানিমুক্ত করতে হবে। একই সঙ্গে অভিভাবকদের সচেতন হতে হবে এবং কন্যাশিশুদের শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।


কন্যাসন্তানকে বোঝা হিসেবে না দেখে তাদের শিক্ষিত ও প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব।