বানেশ্বরে নির্বাচন সমন্বয় ও প্রচারণা সভা অনুষ্ঠিত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৩ নম্বর বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর খুটিপাড়া ও বালিয়াঘাটি ওয়ার্ডে নির্বাচন সমন্বয় ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে খুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের উদ্যোগে সভাটি আয়োজন করা হয়।
সভায় আসন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে দলীয়ভাবে একজন প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা করা হয়। সম্ভাব্য প্রার্থীদের নাম প্রস্তাব আকারে সংগ্রহ করে সংসদ সদস্যের কাছে পাঠানো হবে। পরবর্তীতে প্রস্তাবিত নামগুলো যাচাই-বাছাই করে একজনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নির্বাচনী সমন্বয় ও পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরকার, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার, সদস্য সচিব আব্দুল মজিদ, জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব মসলেম সরকার রুপস, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরমান, উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক শহিদুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, বানেশ্বর বনিক সমিতির আহবায়ক মতিউর রহমান।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম ও পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।