চমক রেস্টুরেন্টে সন্তুষ্ট নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
নতুন যাত্রা শুরু করা রাজশাহীর চমক রেস্টুরেন্টে হঠাৎ পরিদর্শনে যায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল। রান্নাঘর থেকে খাবার পরিবেশন ও রেস্টুরেন্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন কর্মকর্তারা। পরীক্ষা করেন খাদ্য তৈরির উপকরণ, পরিচ্ছন্নতা, কর্মীদের স্বাস্থ্যবিধি ও পোশাকসহ সার্বিক ব্যবস্থাপনা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর নিউ মার্কেটের বিপরীতে এমআরএম মোবাইল মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত চমক রেস্টুরেন্টে এ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা রেস্টুরেন্টের রান্নাঘর, খাদ্য তৈরির প্রক্রিয়া, ব্যবহৃত উপকরণ, খাদ্য পরিবেশন ও সংরক্ষণ ব্যবস্থা ঘুরে দেখেন। একই সঙ্গে রেস্টুরেন্টের পরিষ্কার-পরিচ্ছন্নতা, কর্মীদের পোশাক ও স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করেন তারা।
পরিদর্শন শেষে রাজশাহী মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা দ্বিপ্রজিৎ সরকার বলেন, চমক রেস্টুরেন্টটি নতুন। নতুন অবস্থায় তাদের ব্যবস্থাপনা ভালো রয়েছে। খাদ্য তৈরি, পরিবেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সার্বিক বিষয় ভালো মনে হয়েছে।
তিনি বলেন, আমরা আশা করব, ভোক্তাদের বিষয়টি মাথায় রেখে তারা মানসম্মতভাবে ব্যবসা পরিচালনা করে যাবেন।
পরিদর্শন দলে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক, রাজশাহী মেট্রোপলিটন নমুনা সংগ্রহ সহকারী আশরাফুল ইসলাম, জেলা নমুনা সংগ্রহ সহকারী মিজানুর রহমান, মেট্রোপলিটন ল্যাব টেকনিশিয়ান সাগর এবং অফিস সহায়ক আব্দুস সালাম।
চমকের ম্যানেজার শাহরিয়ার আলম মিঠু বলেন, আমরা সদ্য পথচলা শুরু করেছি। আজ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা হঠাৎ রেস্টুরেন্ট পরিদর্শনে আসেন। তারা আমাদের সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ভোক্তাদের বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। খাবারের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির বিষয়ে শুরু থেকেই আমরা গুরুত্ব দিচ্ছি। গ্রাহকরা যাতে নিরাপদ ও মানসম্মত খাবার পান, সে বিষয়টি নিশ্চিত করতে আমরা সচেষ্ট থাকব।
নতুন পথচলায় নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করার প্রত্যয় জানিয়েছে চমক রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শন ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও খাদ্যের মান ও পরিচ্ছন্নতা বজায় রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।