বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আই ইইই রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

সংবাদ বিজ্ঞপ্তি ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
আই ইইই রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর শিক্ষার্থীদের টিম রেজিলিক্স আই ইইই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ইন্টারনেট অব থিংস (রাআইকন) ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী মোট ৩২টি দলের মধ্যে প্রতিযোগিতা করে টিম রেজিলিক্স এই অসাধারণ সাফল্য অর্জন করে।


বাউয়েট সিএসই বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী সাইয়েদুল আব্রার, কে. এম. শাফায়াত স্বপনীল এবং শাহরিয়ার রশিদের টিম রেজিলিক্সের প্রকল্পের নাম “ফ্লাডগার্ড ইনসাইট: স্পেশিওটেম্পোরাল ফ্লাড ইমপ্যাক্ট অ্যান্ড রিসোর্সেস অপ্টিমাইজেশন”। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই প্রকল্পের মাধ্যমে বন্যার স্থানিক ও সময়ভিত্তিক প্রভাব বিশ্লেষণ এবং দুর্যোগকালীন সম্পদের সর্বোত্তম ব্যবস্থাপনার বিষয়ে কার্যকর সমাধান প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।


এই গৌরবময় অর্জনে বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. লুৎফর রহমান টিম রেজিলিক্সের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের মেধা, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন।


উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য বাউয়েটের জন্য অত্যন্ত গৌরবের। গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের ক্ষেত্রে বাউয়েটের শিক্ষার্থীরা যে দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিচ্ছে, টিম রেজিলিক্সের এই অর্জন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।”


তিনি আশাবাদ ব্যক্ত করেন, টিম রেজিলিক্সের এই সাফল্য বাউয়েটের অন্যান্য শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি করবে।