বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
জয়পুরহাট প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

জয়পুরহাট শহরের চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন (২৮) ও একই এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (৩০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৮) জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে বসবাস করতেন। তার স্বামী সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মেয়ের পড়াশোনার সূত্রে স্থানীয় একটি স্কুলের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে সাজেদার পরিচয় হয়। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর মেয়ে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে গেলে এই সুযোগে আসামিরা সাজেদার বাসায় যায়।


সেখানে তারা অনৈতিক প্রস্তাব দিলে সাজেদা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার মুখে কসটেপ লাগিয়ে, হাত বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে পরীক্ষা শেষে বাসায় ফিরে মেয়ে মেঝেতে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে। এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় প্রদান করেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।