উত্তরবঙ্গের কৃষি ও এসএমই উন্নয়নে ১৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ১৩ হাজার কোটি টাকার দুটি পুনঃঅর্থায়ন স্কিমের প্রচার ও সফল বাস্তবায়ন নিয়ে রাজশাহীতে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকার, কৃষক, কৃষিভিত্তিক ও এসএমই উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় লিড ব্যাংক হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করে রূপালী ব্যাংক পিএলসি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। সম্মানিত অতিথি ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক এ কে এম গোলাম মাহমুদ, নাজিম উদ্দিন, ড. ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় প্রথম অধিবেশনে বাংলাদেশ ব্যাংক ঘোষিত দুটি পুনঃঅর্থায়ন তহবিল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম রয়েছে।
আলোচনায় উত্তরবঙ্গের কৃষি খাতের উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কৃষি ও এসএমই উদ্যোক্তাদের জন্য সহজতর অর্থায়নের সুযোগ তৈরিতে এসব পুনঃঅর্থায়ন তহবিলের গুরুত্ব তুলে ধরা হয়।
দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এতে সিনিয়র ব্যাংকারদের সমন্বয়ে গঠিত প্যানেল কৃষি ও এসএমই উদ্যোক্তা এবং অন্যান্য অংশীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উদ্যোক্তাদের অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান সুযোগ, প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।
টাউন হল সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন তফসিলি ব্যাংকের স্থানীয় প্রতিনিধি ও শাখা ব্যবস্থাপক এবং বিপুলসংখ্যক কৃষি ও এসএমই উদ্যোক্তা অংশ নেন।
এ ছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিএডিসি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের স্থানীয় প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি, রাজশাহীর মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন।