রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি মো. আব্দুস সবুর। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুস সবুর। সভার শুরুতে সম্প্রতি মারা যাওয়া প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন। তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পরে সভাপতির পদ শূন্য থাকায় সংগঠনের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার জন্য সহসভাপতি মো. আব্দুস সবুরকে ভারপ্রাপ্ত সভাপতি করার প্রস্তাব উত্থাপন করা হয়। কার্যনির্বাহী কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন করেন।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আব্দুস সবুরের নেতৃত্বে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে সংগঠনের স্বার্থে তিনি দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করা হয়। উল্লেখ্য, গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।