নগরীতে ধর্ষণ মামলার আসামি মামলা হওয়ার ১২ ঘণ্টায় গ্রেপ্তার
নগরীর রাজপাড়া থানায় ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. রাহাদুরজ্জামান নয়নকে (৩৮) মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটে রাজপাড়া থানার নিমতলা ঘোষমাহাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসআরবি-৫।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার বাদী মোছা. ঝর্না বেগম (৪০) রাজপাড়া থানায় উপস্থিত হয়ে মো. রাহাদুরজ্জামান নয়নসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন। মামলার এজাহারে বলা হয়েছে, বাদীর মেয়ের সঙ্গে নয়নের আগে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে ওই তরুণীর অন্যত্র বিয়ে ও তালাকের পর এফিডেভিট করার কথা বলে গত ১৫ জুলাই তাকে রাজপাড়া থানার বিলসিমলা এলাকায় নিজের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাত থেকে পরদিন ভোর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ভুক্তভোগীকে দাশপুকুর মুজিবরের মোড় এলাকার একটি ভাড়া বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় ও তৃতীয় আসামির সহযোগিতায় নয়ন তাকে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য খাওয়ান বলে অভিযোগ করা হয়েছে। অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরদিন ২০ সেপ্টেম্বর তাকে পুনরায় ওই ভাড়া বাসায় নিয়ে গিয়ে দ্বিতীয় ও তৃতীয় আসামির সহযোগিতায় নয়ন ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে রাজপাড়া থানায় মামলা নম্বর-২৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারাসহ দণ্ডবিধির ২২৩/৩২৮ ধারায় মামলা রুজু করা হয়।
এসআরবি-৫ জানায়, মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল নিমতলা ঘোষমাহাল এলাকায় অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করে। তাদের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মামলার ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন।
গ্রেপ্তার মো. রাহাদুরজ্জামান নয়নকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।