বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের রামদাস বিলে সড়কের দুপাশে লাগানো হচ্ছে দেড় হাজার তালগাছ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের রামদাস বিলে সড়কের দুপাশে লাগানো হচ্ছে দেড় হাজার তালগাছ

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রামদাস বিল। বর্ষায় বিস্তীর্ণ জলরাশি আর চারপাশের সবুজের টানে প্রতিদিনই এখানে ছুটে আসেন ভ্রমণপিপাসুরা। এবার সেই সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করতে বিলের সড়কের দুই পাশে লাগানো হচ্ছে দেড় হাজার তালগাছ।


রামদাস বিলকে আরও নান্দনিক ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নিয়েছে গোমস্তাপুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে তালগাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হক মাসুমসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, দিন দিন রামদাস বিল নিয়ে ভ্রমণপিপাসুদের আগ্রহ বাড়ছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ঘুরতে আসছেন। পর্যটকদের আকর্ষণ  বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিলের সড়কের পাশে দেড় হাজার তালগাছের চারা রোপণ করা হচ্ছে।

তিনি জানান, গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রাধানগর ইউনিয়নের অন্তর্ভুক্ত রামদাস বিল এলাকায় পর্যায়ক্রমে এসব তালগাছ লাগানো হবে।


প্রশাসনের আশা, সময়ের সঙ্গে তালগাছগুলো বড় হয়ে সড়কের দুই পাশে সবুজের ছায়া তৈরি করবে। বর্ষায় বিলের জলরাশি, চারপাশের প্রকৃতি আর সারিবদ্ধ তালগাছ মিলিয়ে রামদাস বিল হয়ে উঠবে আরও মনোরম। এতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের আকর্ষণও বাড়বে।