নগরীতে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), বোয়ালিয়া থানা ও শিল্পনগর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)বিকাল আনুমানিক সোয়া ৪ টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রাজপাড়া থানার বহরামপুর সিটি বাইপাস (ঘোড়াচত্বর) এলাকায় অভিযান চালিয়ে দিনাজপুরের বিরামপুর থানার বেগমপুর (মির্জাপুর) গ্রামের মৃত আফজাল হোসেনের মেয়ে ও মো. ফজলে রাব্বির স্ত্রী বর্তমানে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার শুরশুনিপাড়া গ্রামে বসবাসরত মোছা. ইসমোতারা (৪০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া বোয়ালিয়া থানা পুলিশ একই দিন বিকাল আনুমানিক পৌনে ৪টার দিকে খরবোনা (২৪ নং ওয়ার্ড) গ্রামের মৃত মাহতাবের ছেলে নূর আলী (২৬) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে নূরকে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে মোট ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্যে, গ্রেপ্তারকৃত আসামি নূর আলী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৩টি মাদক ও ৩টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।
অপরদিকে বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি একই দিন রাত আনুমানিক ১২টার দিকে সুজানগর এলাকায় জনসাধারণের সহায়তায় কয়েরদাড়া গ্রামের মো. আব্দুল মানিকের ছেলে মো. আশিকুর রহমান ওরফে শুভ (১৯)-কে গ্রেপ্তার করে। এসময় শুভর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।