বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি জুয়েল গ্রেপ্তার ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি জুয়েল গ্রেপ্তার ।

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তালিকাভুক্ত মাদক কারবারি ও চোরাচালান চক্রের সদস্য জুয়েল রানা ওরফে জুয়েল মেম্বারকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের আমির আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, মাদক পাচার, মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, জুয়েল জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের একজন। সীমান্তপথে ভারত থেকে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক এনে দেশের অভ্যন্তরে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 


এ ছাড়া ইয়াবা পাচারেও তার সম্পৃক্ততার তথ্য রয়েছে পুলিশের কাছে।

পুলিশ জানায়, গত বছরের ১২ অক্টোবর হেরোইন ও ইয়াবা পাচারের একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জুয়েল রানা ও তার সহযোগী ববিতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় জুয়েল পলাতক ছিলেন। পরে তাকে গ্রেপ্তারে আদালত থেকে পরোয়ানা জারি করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, মঙ্গলবার রাতে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকা থেকে জুয়েল মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর মডেল থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলা রয়েছে।


ওসি আরও বলেন, দীর্ঘদিন ধরে জুয়েল আত্মগোপনে ছিলেন। তিনি রাজশাহীর বিভিন্ন এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।