বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শেখ হাসিনার হুঙ্কারে আমরা বিচলিত নই: এনসিপি নেতা ইমন

নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
শেখ হাসিনার হুঙ্কারে আমরা বিচলিত নই: এনসিপি নেতা ইমন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সভানেত্রী ভারত থেকে যে হুঙ্কার দিচ্ছেন, তাতে তারা বিচলিত নন। তারা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুন। 


বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অলোকার মোড়ে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে রাজশাহী জেলা এনসিপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় জেলা কমিটির নতুন নেতৃবৃন্দকেও পরিচয় করিয়ে দেওয়া হয়।   


ইমরান ইমন বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্ন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা ওনাকে চাই, উনি বাংলাদেশে ফিরে আসুক। তিনি যে হুঙ্কার দিচ্ছেন, আমরা এতে বিচলিত নই। বরং আমরা চাই উনি দেশে ফিরে আসুক।


তিনি বলেন, বাংলাদেশের মাটিতে ওনার (শেখ হাসিনা) বিচার নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে ওনার ফাঁসির ঘোষণা হয়েছে, এটার বাস্তবায়ন দেখতে চাই আমরা। আমাদের পক্ষ থেকে খুবই স্পষ্ট ম্যাসেজ- স্বৈরাচারের যেসব দোসর বিদেশে পালিয়ে আছে, আমরা প্রত্যেককে ফেরত পেতে চাই। ফিরিয়ে এনে তাদের পূর্ববর্তী অপরাধের বিচার নিশ্চিত করা হবে।


তবে আওয়ামী লীগের যেসব কর্মী ও সমর্থক নিরপরাধ তারা এনসিপিতে যোগ দিতে পারবেন বলেও জানান ইমরান ইমন। তিনি বলেন, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন- আওয়ামী লীগের যারা নিরাপরাধ আছেন, জুলাইয়ে আমাদের পক্ষে ছিলেন, ছাত্রলীগের অনেকে জুলাইয়ে আমাদের আন্দোলনের পক্ষে ছিলেন, আওয়ামী লীগের এই অংশটা চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন। তাদেরকে আমরা দলে নিতে চাই।


এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান ইমন। জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুরের সভাপতিত্বে ও সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিউর রহমান রনি। সভায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।