চাচাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টা পর উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিঃসন্তান এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
উদ্ধার হওয়া শিশু নাফিজ হোসেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের রুবেল হোসেনের ছেলে। গ্রেপ্তার দুজন হলেন একই গ্রামের মো. মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজিআরা বেগম।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সোমবার দুপুরে নাফিজকে নিয়ে স্থানীয় একটি বাজারে যান তার চাচাতো বোন শিরিন খাতুন। সেখানে বোরকা পরা সুজিআরা বেগম শিশুটিকে জোর করে ছিনিয়ে নিয়ে যান। পরে নাফিজের বাবা শিবগঞ্জ থানায় এ ঘটনায় মামলা করেন।
মামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে নাফিজকে উদ্ধার করা হয়। একই সময় সুজিআরা বেগম ও তার স্বামী মানিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মানিকুজ্জামান ও সুজিআরা বেগম দুজনেই আগে বিয়ে করেছিলেন এবং বর্তমানে তারা দম্পতি হিসেবে সংসার করছেন। তাদের কোনো সন্তান নেই।
পুলিশ সুপার বলেন, সন্তান লালন-পালনের আকাঙ্ক্ষা থেকেই ওই দম্পতি শিশুটিকে নিয়ে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। শিশুটিকে বিক্রি করা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়ার পর শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।