বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাকাবে চালু হলো এনপিএসবি ও বাংলা কিউআর

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:০২ অপরাহ্ন
রাকাবে চালু হলো এনপিএসবি ও বাংলা কিউআর

ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে গ্রাহকদের দ্রুত ও সহজে ডিজিটাল লেনদেনের সুযোগ দিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ও বাংলা কিউআর সেবা চালু করা হয়েছে। ফলে রাকাবের গ্রাহকেরা অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের পাশাপাশি বাংলা কিউআর ব্যবহার করে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।


বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর আমানা বিগ বাজার ও ফ্লিটবাই সুপার শপে কেনাকাটার মাধ্যমে নতুন এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। এ সময় ব্যাংকের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ, আইসিটি সিস্টেম বিভাগ ও আইসিটি অপারেশন বিভাগের কর্মকর্তাগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


ব্যাংক কর্মকর্তারা জানান, এনপিএসবি সুবিধা চালুর ফলে রাকাবের গ্রাহকেরা এখন খুব সহজেই অন্য যেকোনো ব্যাংকের হিসাবে দ্রুত অর্থ স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি, রাকাবের নিজস্ব ই-ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে বিভিন্ন দোকান, সুপারশপ ও ব্যবসা প্রতিষ্ঠানে সরাসরি কেনাকাটার বিল পরিশোধ করা যাবে।


ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ দুটি ডিজিটাল সেবা চালুর ফলে গ্রাহকদের আর কষ্ট করে ব্যাংক শাখায় যেতে হবে না। সাপ্তাহিক ছুটির দিনসহ বছরের ৩৬৫ দিনই যেকোনো স্থান থেকে গ্রাহকেরা নিরাপদ ও বিরামহীন এই ব্যাংকিং লেনদেনের সুবিধা উপভোগ করতে পারবেন।