বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বদলগাছীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের পর এসআই প্রত্যাহার

বদলগাছী প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
বদলগাছীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের পর এসআই প্রত্যাহার

নওগাঁর বদলগাছীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ বলছে, প্রথম দফায় ওই আসামিকে গ্রেপ্তার করেও ছেড়ে দেওয়ার ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে এসআই অসিত কুমারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা চলছে।


গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে সিআর মামলা নম্বর ২২২/২৫-এ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোরে আক্কেলপুর গ্রামের নিজ বাড়ি থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ছিলেন বদলগাছী থানার এসআই অসিত কুমার। এর আগে ভান্ডারপুর বাজারেও তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল।


এসআই অসিত কুমার বলেন, রাকিবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। ভান্ডারপুর বাজারে তাঁকে আটক করার চেষ্টা করা হলে তিনি অন্য একটি মোটরসাইকেলে করে চলে যান। পরে রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


তবে প্রথম দফায় রাকিবুলকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বলে জানান এসআই অসিত কুমার। তিনি বলেন, ‘টাকা নিয়ে ছেড়ে দিয়েছি—এরকম একটি অভিযোগ দেওয়া হয়েছিল।’ তবে কে বা কারা ওই অভিযোগ করেছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না বলে জানান।


পুলিশ লাইনে প্রত্যাহারের বিষয়ে এসআই অসিত কুমার বলেন, রাকিবুলকে তিনিই গ্রেপ্তার করেছেন। পরে তাঁকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার তাঁকে সরাসরি কিছু বলেননি।


তবে রাকিবুলের মা রেহেনা পারভিন বলেন, তাঁর ছেলেকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায়। কোন এসআই তাঁকে গ্রেপ্তার করেছেন, তা তিনি জানেন না। পুলিশ সুপারের কাছে অভিযোগ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোথাও কোনো অভিযোগ করেননি।


বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন এসআই অসিত কুমারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রথমে তাঁকে পাইয়া রেখে আসছে’—এমন একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে যাওয়ার পর এসআইকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। এরপর ওই এসআই রাকিবুলকে গ্রেপ্তার করেন।


নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনার দিন রাত ১০টার দিকে রাকিবুলকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে ভোরে আবারও তাঁকে গ্রেপ্তার করা হয়। দায়িত্ব পালনে গাফিলতির কারণে এসআই অসিত কুমারকে প্রত্যাহার করা হয়েছে।