বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী

“রাজশাহীর উদ্যোক্তা” আয়োজিত ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাতে নগরীর টি-বাঁধের বিপরীতে পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে রাসিক প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ সৃষ্টি করা জরুরি। আগামীতে আরও বড় পরিসরে উদ্যোক্তা মেলার আয়োজন করা যায়, সে বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।


তিনি আরও বলেন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবার প্রচার এবং বাজার সম্প্রসারণে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার কাজ করছে।


মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগই দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।


এ সময় মেলার অর্গানাইজার তৌহিদ ফেরদৌস তন্ময়, নিপাশ বিপু, তোহা রহমান উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শরৎ উৎসব ও মেলা’ শুরু হয়েছিল। সাত দিনব্যাপী মেলায় প্রায় ৭০ স্টল ছিল। মেলায় বিভিন্ন উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।