মোহনপুরে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আমিনুল ইসলামের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এঘটনা ঘটে। নিহত জান্নাতুন আহত মুজিব সরদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল মাদক সেবন করে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১টার দিকে আমিনুল হাসুয়া দিয়ে তার মা জান্নাতুনকে কুপিয়ে গুরুতর জখম করার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসম গুরুতর আহত মুজিব সরদারকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।