শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

বদলগাছীতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বদলগাছী প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
বদলগাছীতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। কর্মসূচিতে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামী ও নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা এখনো পুলিশ প্রশাসনে অবস্থান করছেন।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বদলগাছী মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বদলগাছী চারমাথা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, “জামায়াত ও নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা এখনো প্রশাসনে বসে আছেন।” তিনি অভিযোগ করেন, একটি শিশু ধর্ষণের ঘটনায় জামায়াতের আমিরকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।


তিনি আরও বলেন, “এগুলো জামায়াতি ও আওয়ামী পুলিশ। আওয়ামী লীগকে ছাড় দিলে এই পুলিশের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দিচ্ছি।” পুলিশ প্রশাসনে জামায়াত ও নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা রয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।


ফজলে হুদা বাবুল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী লীগের সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে বিএনপি অবস্থান নেবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।


সমাবেশে বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ফজলে হুদা বাবুল নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বর্তমান সংসদ সদস্য। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন।