শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

অপ ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
অপ ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন

মিথ্যা অপপ্রচার, মানহানিকর প্রচারণা ও ব্যবসায়িক প্রতিহিংসার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ব্যবসায়ী মুস্তাকিন হোসেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দড়িখরবোনা এলাকায় একটি ভবনের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে মুস্তাকিনের বিরুদ্ধে ‘মাদকের গডফাদার’, ‘মাদক ব্যবসায়ী’, ‘সন্ত্রাসী’ ও ‘ভূমিদস্যু’ হিসেবে প্রচারণার অভিযোগ তুলে এসব বক্তব্যকে ভিত্তিহীন ও মানহানিকর দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে মুস্তাকিন হোসেন বলেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সে (ইএমই) প্রায় ১৫ বছর চাকরি করার পর সম্মানের সঙ্গে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি মাছ চাষ ও ফিড ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। এসব ব্যবসার প্রয়োজনীয় কাগজপত্র ও ট্রেড লাইসেন্স রয়েছে বলেও জানান তিনি।


তার অভিযোগ, ব্যবসায়িক বিরোধ ও প্রতিহিংসার জেরে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে শফিকুল ইসলাম শফির চক্রান্তে মানববন্ধন করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর পারিলা বাজারে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের কথা বলে সাধারণ মানুষকে জড়ো করে পরে তার ছবি ব্যবহার করে ব্যানার প্রদর্শন ও মানববন্ধন করা হয় বলে দাবি করেন তিনি। ওই মানববন্ধনে তাকে ‘মাদকের গডফাদার’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন মুস্তাকিন।


মুস্তাকিন দাবি করেন, তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ভূমিদস্যুতার অভিযোগে কোনো থানায় মামলা বা অভিযোগ নেই। প্রমাণ ছাড়া তাকে অপরাধী হিসেবে উপস্থাপন করায় তিনি সামাজিক, ব্যবসায়িক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে তার সন্তানদেরও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে জানান তিনি।


মুস্তাকিন জানান, মানহানিকর বক্তব্য ও প্রচারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি নিজের জীবন ও ব্যবসার নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে দাবি করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।


এদিকে, এর আগে গত রোববার (২০ সেপ্টেম্বর) রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে থাকা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ওই মানববন্ধনে বক্তারা মুস্তাকিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এবং তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত বলে দাবি করেন।


পারিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় মোস্তাকিনের বিরুদ্ধে পবা থানায় মামলা দায়ের করেন রবিউল ইসলাম রবি। তিনি বলেন, আমি মোস্তাকিনের মামলার জামিন নিতে কোর্টে এসেছি। ভাঙচুর করে আমাদের ছেলেদের মারধর করে আবার আমাদের নামে মামলা করেছেন তিনি। 


পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, এ ঘটনায় মুস্তাকিন মামলা করেছেন এবং মামলাটি এজাহারভুক্ত হয়েছে। অন্যদিকে, পারিলা ইউনিয়নের বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় মুস্তাকিনের নামেও মামলা হয়েছে বলে জানান তিনি। দুই ঘটনার তদন্ত চলমান আছে।