চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ যুবক গ্রেপ্তার
চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মো. শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে উপজেলার সারদা ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকা থেকে ফেয়ারডিল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে সারদা ট্রাফিক মোড়ের উত্তর পাশে মেসার্স সাফাত এন্টারপ্রাইজের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় যাত্রীবিহীন একটি অটোরিকশা চেকপোস্টে এলে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে অটোরিকশার চালকের পায়ের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তায় সন্দেহজনক কিছু দেখতে পান অভিযানকারীরা। পরে বস্তাটি তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ২০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শরিফুল ইসলাম চারঘাট উপজেলার আলাইপুর গ্রামের মো. আবুল হাশেমের ছেলে। অভিযানে তার কাছ থেকে ২০০ বোতল ফেয়ারডিল, একটি অটোরিকশা ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় শরিফুল ইসলামের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।