নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর
নওগাঁর নিয়ামতপুরে খালুর বাড়িতে বেড়াতে এসে বিষধর সাপের কামড়ে নাহিদ হাসান (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শিশু পোরশা উপজেলার সোমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
হাজিনগর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২০ দিন আগে নাহিদ হাসানের খালু কাপাষ্টিয়া গ্রামের মতিউর রহমান (৩৫) সাপের কামড়ে মারা যান। আজ শুক্রবার তার খালুর মৃত্যুতে বাড়িতে মিলাদের আয়োজন করা হয়ছিল। পরিবারের সঙ্গে নাহিদ হাসানও বৃহস্পতিবার কাপাস্টিয়া ওই বাড়িতে আসে। রাতে পরিবারের লোকজনের সঙ্গে সে ঘুমিয়ে পড়ে।রাত তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় শিশু নাহিদকে বিষধর সাপে কামড় দেয়। পরিবারের লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।