বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চারঘাটে ৩৬০ বোতল অবৈধ মাদকসহ গ্রেপ্তার, দুই মোটরসাইকেল জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
চারঘাটে ৩৬০ বোতল অবৈধ মাদকসহ গ্রেপ্তার, দুই মোটরসাইকেল জব্দ

রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল অবৈধ মাদকদ্রব্যসহ সাব্বির হোসেন অনিক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে উপজেলার মোক্তারপুর মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার সাব্বির হোসেন অনিক চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।


পুলিশ জানায়, শুক্রবার সকালে চারঘাট মডেল থানার এসআই তাসেম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, মোক্তারপুর মণ্ডলপাড়া গ্রামের গোলাম রুসুলের বাড়ির সামনে কয়েকজন মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। পরে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে সাব্বির হোসেন অনিককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসির একটি লাল-কালো পালসার ও ১৩৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।


পুলিশের দাবি, অভিযানের সময় আরও চারজন পালিয়ে যায়। তারা হলেন—চারঘাটের দফাদারপাড়া এলাকার মৃত আনছার আলীর ছেলে রবিন, মুক্তারপুর আন্ধারীপাড়া এলাকার আলম হোসেনের ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম (৩২), একই এলাকার লিটন মিয়ার ছেলে টিটন (৩২) এবং অজ্ঞাতনামা আরও একজন।


পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় গ্রেপ্তার সাব্বির হোসেন অনিকসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট মডেল থানায় মামলা করা হয়েছে।