পুঠিয়ায় ৪০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
পুঠিয়ায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে লিটন হোসেন (২৭) এবং একই গ্রামের ইসহাকের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে এসআই স্বপন হোসেনের নেতৃত্বে একটি দল পুঠিয়া এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে সড়কের ওপর দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এসময় ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপন হোসেনসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে লিটন হোসেনের পরনের প্যান্টের সামনের ডান পকেট থেকে নীল রঙের পলিথিনে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পুঠিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।