বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুইজন গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুইজন গ্রেপ্তার

নগরীর বোয়ালিয়া থানা এলাকায় ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে দড়িখরবোনা মোড়ের বলাকা বিল্ডিংয়ের হিম স্টোরের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলো, নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।


এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি অভিযানিক দল দড়িখরবোনা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তাঁদের হেফাজত থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া স্বর্ণ চোরাচালানে ব্যবহারের অভিযোগে দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে।


এসআরবি-৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তবে স্বর্ণের উৎস ও পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৫।