নগরীতে নারী কর্মীদের প্যারালিগ্যাল প্রশিক্ষণ অনুষ্ঠিত
আইন সম্পর্কে তৃণমূলের নারী কর্মীদের সচেতনতা বাড়াতে রাজশাহীতে প্যারালিগ্যাল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে নগরীর কুমারপাড়া কমিটিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন সংগঠনের প্যানেল অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি ও সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
প্রশিক্ষণে কুমারপাড়া কমিটির ২১ জন সদস্য অংশ নেন। এতে সংগঠনের পরিচিতি, বাল্যবিবাহ, তালাক, যৌতুক, নারী নির্যাতন আইন, সাইবার সুরক্ষা আইন, ধর্ষণ, শিশু সুরক্ষা আইন এবং হিন্দু বিবাহ আইন ও নিবন্ধনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসাধারণ সম্পাদক নিলুফার আহমদ, প্রচার সম্পাদক আফরোজা খান হেলেনসহ পাড়া কমিটির সদস্যরা।
সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে কল্পনা রায় বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। মেয়েদের শিক্ষিত করে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে আইনের কঠোর প্রয়োগ সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, পরিবার ও সমাজে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি, নারীর কর্মসংস্থান এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর আইন ও তার প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহনকে নারীবান্ধব ও যৌন হয়রানিমুক্ত করতে হবে। এ জন্য অভিভাবকদেরও সচেতন থাকতে হবে।
কল্পনা রায় আরও বলেন, কন্যাসন্তানকে বোঝা হিসেবে না দেখে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উপবৃত্তি ও আর্থিক সহায়তার সুযোগ বাড়াতে হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকদের আশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারী কর্মীরা আইন ও নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবেন।