বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নাটোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নাটোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।


মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় ইউনাইটেড প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।


এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে। কেউ পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস বা নাশকতার মাধ্যমে সরকারকে প্রশ্নবিদ্ধ ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।


বক্তারা আরও বলেন, অতীতেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পাশে ছিলেন। ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।