প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের জানাজা ও দাফন সম্পন্ন
রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার প্রবীণ শিক্ষক আলহাজ্ব আবু সাঈদ মাস্টারের (৮৬) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা হড়গ্রাম গোরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই গোরস্থানে তাকে দাফন করা হয়। আবু সাঈদ মাস্টার গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নিজ বাসভবনে মারা যান। তিনি দীর্ঘদিন রাজশাহী মহানগরীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোর্ট বাজার জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেন।
আবু সাঈদ মাস্টার হড়গ্রাম চারখুটার মোড় এলাকার প্রয়াত আব্দুল বারী মুন্সির ছেলে। আট ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সপ্তম। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়াও তিনি দৈনিক আমার দেশ-এর রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মঈন উদ্দিনের ছোট চাচা। জানাজার নামাজে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশ নেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বজন, সাবেক সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। পরিবারের পক্ষ থেকে আবু সাঈদ মাস্টারের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।