ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর রেলগেট এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় রাসিক প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
লিফলেট বিতরণকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকতা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী সিটি কর্পোরেশনে লিফলেটে এডিস মশার বিস্তার রোধে বাড়ির ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, কনটেইনার, টিনের কৌটা, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের নিচে বা আশপাশের পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়া দিনে ও রাতে বিশ্রাম কিংবা ঘুমানোর সময় মশারি ব্যবহারের পাশাপাশি গর্ভবতী মা, নবজাতক, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
লিফলেটে আরও বলা হয়েছে, ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ নগর স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পানি ও অন্যান্য তরলজাতীয় খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।