চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি প্রায় ১২শো শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদের উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদের সভাপতিত্বে সংর্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।
প্রতিমন্ত্রী বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। তিনি আরও বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর খালেদা জিয়া মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। যে সম্মাননা পেলে তা তোমাদের জীবনের পথিকৃৎ।
লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এ দেশ মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। সরকার সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, অপচয় ও দুর্নীতি বদ্ধে বদ্ধপরিকর।
আজ প্রশাসনকে সেভাবে গড়ে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের অভিমত ব্যক্ত করে বক্তব্য রাখেন। শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মেডেল, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন।