সৎ-দক্ষ কর্মকর্তাদের পদায়নে প্রশাসন সচল করা হচ্ছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসনকে সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার একটি ভঙ্গুর প্রশাসন পেয়েছিল। মাঠ প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। এরই মধ্যে প্রশাসন সচল হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, কর্মকর্তাদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে তাঁদের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছে। এর ফলে প্রশাসনে স্বচ্ছতা ও দক্ষতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে আব্দুল বারী বলেন, অতীতের দুটি সরকারের ভুল সিদ্ধান্তের কারণে বর্তমান বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। অনেক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও সেগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানির উৎস নিশ্চিত করা হয়নি। পাশাপাশি অতীত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে দেরি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। দ্রুতই জ্বালানি সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
উল্লেখ্য, মো. আব্দুল বারী বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।