চাঁপাইনবাবগঞ্জে ৫২.৯ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকায় ৫২ দশমিক ৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
গ্রেপ্তার ব্যক্তির নাম মীর মো. মাসুদ রানা রঞ্জু (৫৫)। তিনি সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
এসআরবি-৫-এর পক্ষ থেকে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জয়নগর মীরপাড়া এলাকায় অভিযান চালায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল। এ সময় রঞ্জুকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাঁর বসতবাড়ি থেকে ৫২ দশমিক ৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, একটি সিসিটিভি ডিভিআর ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার রঞ্জু ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।