বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বিশ্ব হার্ট দিবসে রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রথম দিনে সেবা পেলেন ২৭৭ রোগী

নিজস্ব প্রতিবেদক ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০২ অপরাহ্ন
বিশ্ব হার্ট দিবসে রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রথম দিনে সেবা পেলেন ২৭৭ রোগী

‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচি পালন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার ও আলোচনা সভার পাশাপাশি দুই দিনব্যাপী বিনামূল্যে ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। কর্মসূচির প্রথম দিনে প্রায় ২৭৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।



মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে গণমুখী সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি হৃদরোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়।’ তিনি বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইতোমধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর হৃদরোগ চিকিৎসাসেবায় আস্থা অর্জন করেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে হৃদরোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম। তিনি বলেন, প্রতিবছর বিভিন্ন রোগে মৃত্যুর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ হৃদরোগজনিত। হৃদরোগে অকালমৃত্যু ঠেকাতে দেশের সর্বস্তরে সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।


মূল আলোচক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিফ কনসালটেন্ট ও ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন হৃদরোগের বিভিন্ন উপসর্গ সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, হৃদরোগে বুকে ব্যথা অনেক সময় গলা ও হাতে ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. লিয়াকত আলী। আলোচনায় অংশ নেন ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মাহা. হবিবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মোল্লা মো. ইফতেখার হোসেন এবং রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ.এস.এম. সায়েম।


অধ্যাপক মাহা. হবিবুর রহমান বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলে হৃদরোগ চিকিৎসাসেবায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ক্রমেই মানুষের আস্থার জায়গা তৈরি করছে। দরিদ্র ও অসচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করছে ফাউন্ডেশন। ভবিষ্যতে সব শ্রেণির মানুষের জন্য আরও সুলভ মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি-২ মো. হাসেন আলী। সমাপনী বক্তব্যে তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও বিশ্ব হার্ট দিবসে হৃদরোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের যাকাত ফান্ড থেকে দরিদ্র রোগীদের চিকিৎসায় সহায়তা দেওয়া হচ্ছে।


অনুষ্ঠানের সভাপতি তার সমাপ্তি বক্তব্যে উল্লেখ করেন, ফাউন্ডেশন হাসপাতাল প্রতিবারের ন্যায় বিশ্ব হার্ট দিবসে হৃদরোগের কারণ ও করণীয় সম্পর্কে লিফলেটের মাধ্যমে গণমানুষের সচেতনতা বৃদ্ধিসহ সতর্ক করার কাজ অব্যাহত রেখেছে এবং হাসপাতালের যাকাত ফান্ড হতে দরিদ্র রোগীদের চিকিৎসাসেবায় সাহায্য করা হচ্ছে। 


সভায় কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম মাসুদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, নির্বাহী সদস্য প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, ডাঃ মোঃ ওয়াসিম হোসেন, মোঃ সেলিম রেজা খান, মোঃ মনিরুল হক, ডাঃ মোঃ গাজীউল আলম রুমী, সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু, মোঃ আককাস আলীসহ ফাউন্ডেশনের আজীবন সদস্য, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ তাজমিলুর ইসলাম, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন। সেমিনার ও আলোচনা সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য মোঃ এনামুল হক ও ফাউন্ডেশন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ খাদিজাতুল কুবরা। দুই দিনব্যাপী বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসাসেবা এবং বিনামূল্যে মেডিসিন প্রদান কর্মসূচির ১ম দিনে প্রায় ২৭৭ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।#