কমিউনিটি পুলিশ কাবাডিতে কর্ণহার ও শাহমখদুম চ্যাম্পিয়ন
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর বালিকা বিভাগে কর্ণহার থানা এবং বালক বিভাগে শাহমখদুম থানা চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির সভাপতি মো. ফারুক হোসেন।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার বালিকা বিভাগের ফাইনালে দামকুড়া থানাকে হারিয়ে কর্ণহার থানা চ্যাম্পিয়ন হয়। আর বালক বিভাগের ফাইনালে এয়ারপোর্ট থানাকে পরাজিত করে শিরোপা জেতে শাহমখদুম থানা। এয়ারপোর্ট ও দামকুড়া থানা নিজ নিজ বিভাগে রানার্সআপ হয়।
বালক বিভাগে শাহমখদুম থানার শুভ ইসলাম এবং বালিকা বিভাগে কর্ণহার থানার সুনাইরা আক্তার রানী সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ ও দুর্দান্ত নৈপুণ্যে পুলিশ লাইন্স মাঠে তৈরি হয় টানটান উত্তেজনা। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য আয়োজক কমিটি, খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিশেষ করে নারী দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, প্রতিযোগিতা থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্য অর্জনে আরএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
তিনি যুবসমাজকে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হয়ে মাদক ও ক্ষতিকর অনলাইন আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি মাদকমুক্ত ও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলতে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার কর্মকর্তা, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।