পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রাজশাহী জেলার পরিবেশ বিপর্যয় রোধে একসঙ্গে কাজ করার প্রত্যয় নিয়ে দুই দিনব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবশেগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরি শীর্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শুরু এই প্রশিক্ষণ শেষ হয় মঙ্গলবারে (২৯ সেপ্টেম্বর)। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ্ বাংলাদেশ এর অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ প্রকল্পের আওতায় জেলা সমাজ সেবা কার্যালয়, রাজশাহীতে অনুষ্ঠিত প্রশিক্ষণে গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের শেষ দিনে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের সহকারী প্রফেসর আবুজার পরিবেশ বিষয়ক সংবাদ তৈরি বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ও পরিবেশগত মানবাধিকার লংঘনের বিষয়ে দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রতিবেদন তৈরি করে তা উপস্থাপন করেন।
ডাসকো ফাউন্ডেশন এর প্রকল্প কো-অর্ডিনেটর রুহুল আমিন তার সেশন শেষে পরিবেশগত মানবাধিকার বিষয়ে প্রতিবেদন তৈরি ও তা প্রকাশের জন্য গুরুত্ব আরোপ করেন। প্রশিক্ষণ শেষে সংবাদকর্মীরা তাদের পেশাদারিত্বের জায়গা থেকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদ তুলে ধরার প্রতিশ্রুতি প্রদান করেন।
প্রশিক্ষণটিতে টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, এরিয়া অফিসার মো: তুহিন ইসলাম , মাকসুদা খানম ও আবু ইউসুফ কো-ফেসিলেটেটর হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মানবাধিকার, পরিবেশগত মানবাধিকার, পরিবেশগত অবক্ষয় ও তা সমাধানে করনীয়, জলবায়ু পরিবর্তন,পরিবশেগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরি, পরিবেশগত সাংবাদিকতার বিষয়সমূহ ও অনুসন্ধান সাংবাদিকতা বিষয়ে সেশন পরিচালিত হয়।