জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রাজশাহীতে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জিয়া মঞ্চ রাজশাহী মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীতে এই আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর সাহেববাজার বাটার মোড় এলাকা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাটার মোড়ে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
জিয়া মঞ্চ মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল মতিন, রাজশাহী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক এসএম নাসির উদ্দিন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মাসুদ রানা, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম ডলার, কেন্দ্রীয় সদস্য আবুল বাসার, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক নয়ন আলী, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরমান, মহানগর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং সদস্য আবু বক্কর।
পথসভায় বক্তারা বলেন, বাংলার মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। দীর্ঘ ১৭ বছরের জুলুম-অত্যাচারের অবসান ঘটিয়ে আমরা মুক্তভাবে কথা বলার স্বাধীনতা পেয়েছি। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার তাগিদ দেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা সংগঠনের কাঠামো তুলে ধরে মূল দলকে শক্তিশালী করতে জিয়া মঞ্চের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তারা।