বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ছয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ছয়

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরদৌসী খাতুন নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪ টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 


হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 


মৃত ফেরদৌসী খাতুন (৩০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা-চাঁন্দলাই মহল্লার আরিফুল ইসলামের স্ত্রী। 

ডা. মাহবুব হাসান বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেরদৌসী। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছিলো। রাতে তার অবস্থার অবনতি হয় এবং ভোর ৪ টার দিকে তিনি মারা যান। 


এদিকে হাসপাতাল থেকে জানানো হয়েছে, বুধবার ১০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন।


বাকীরা আগে থেকেই ভর্তি ছিলেন। এ বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত শুধু জেলা হাসপাতালেই ১ হাজার ৬২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুন অর রশিদ বলেন, পৌরসভার আটটি টিম একই সময়ে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।


অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ জন রুগি মৃত্যু বরন করেছেন।  চাঁপাইনবাবগঞ্জের দুজন ডেঙ্গু আক্রান্ত রুগী রামেক হাসপাতালে, দুজন বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ফেরদৌসীসহ আরও একজন মৃত্যু বরণ করেছেন।