বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন
রাজশাহীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান

‘বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু এবং কার্যকরী কমিটির সদস্য তাহেরা খাতুন, রেহেনা আলী ও সাহানাজ পারভীন।


সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন। সভা পরিচালনাও করেন তিনি। অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু আবৃত্তি করেন এবং ‘জাগো নারী জাগো’ গান পরিবেশন করেন আলিমা খাতুন।


সভাপতির বক্তব্যে কল্পনা রায় বলেন, মহিলা পরিষদ মনে করে, ‘নারী উন্নয়নের লক্ষ্য নয়, উন্নয়নের বাহক।’ নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মধ্যেও নারীর অবস্থানের গুণগত পরিবর্তন ঘটছে। নারীরা নিজেদের মানবাধিকার ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছেন এবং অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হচ্ছেন।


তিনি বলেন, নারীর অগ্রসরমান অবস্থাকে ধরে রাখা ও আরও সংহত করতে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক মানসিকতার চর্চা প্রয়োজন। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় নারী আন্দোলনকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আরও গতিশীল সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। একই সঙ্গে নারী সমাজ ও নারী আন্দোলনকে আরও সচেতন ও সংগঠিত হতে হবে। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।