ঈশ্বরদীতে সাবেক পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ সম্পাদকের বাড়ি-ঘর ভাঙচুর, তছনছ
পাবনার ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর বাড়ি-ঘর ভাঙচুর ও ঘরের আসবাবপত্র ভেঙে তছনছ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের হাসপাতাল সড়কে মিন্টুর বাসভবনে এ ঘটনা ঘটে। এসময় বাড়িতে কোন লোকজন ছিল না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আবুল কালাম আজাদ মিন্টু অভিযোগ করে বলেন, রাজনৈতিক মামলাজনিত কারনে আমি ঈশ্বরদীর বাইরে অবস্থান করছি। স্ত্রীর অসুস্থতা ও ছেলে-মেয়েদের পড়ালেখা জনিত কারনে তারাও কেউ বাড়িতে ছিল না। মঙ্গলবার রাতে দুর্বৃত্ত্বরা বাড়ির প্রধান দরজা ভেঙ্গে ঘরে ঢুকে খাট, আলমারি, চেয়ার-টেবিল শোকেচসহ আসবাবপত্র ভাংচুর এবং জিনিসপত্র তছনছ করেছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আবুল কালাম আজাদ মিন্টুর পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তবে লিখিত অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।