রাজশাহী স্টেশনে হামলাকারীদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রেল স্টেশনের ভাঙচুর ও নাশকতার ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির মুখোমুখি করা হবে। প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে এদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরির্দশন শেষে তিনি এই কথা বলেন। স্টেশন ভাঙচুর নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া বক্তব্য ছড়াচ্ছে, তাদের ‘রাজশাহী ও রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীবাসীর মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। অনাকাঙ্ক্ষিতভাবে যারা এই স্থাপনা ধ্বংস করেছে, তারা পুরো রাজশাহীবাসীর সম্মান ও মর্যাদায় আঘাত হেনেছে।
তিনি বলেন, গত ৫ই আগস্ট রাজশাহী ও ঢাকায় ছাত্র-জনতার ওপর যেভাবে হামলা চালিয়ে শহীদ সাকিব আনজুমসহ অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করা হয়েছিল, ঠিক একই কায়দায় ঐতিহ্যবাহী রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীবাসীকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, বহিরাগত কোনো শত্রু বা ষড়যন্ত্রকারী যদি চক্রান্ত করার চেষ্টা করে, তবে রাজশাহীবাসী অতীতে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, ভবিষ্যতেও একইভাবে তার উপযুক্ত জবাব দেবে।
এর আগে মন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রেলস্টেশন বিভিন্ন ভাঙচুর স্থান পরিদর্শন করেন। তিনি স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম, টিকেট কাউন্টার, ভাঙাচোরা জিনিসপত্র, ওয়েটিং রুম এবং প্যাসেঞ্জার লাউঞ্জ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গেল ২০ সেপ্টেম্বর রাতে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের উপস্থিতিতে রাজশাহী রেলওয়ে স্টেশন ভাঙচুর করে রাবির এক দল শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, রাবির এক শিক্ষার্থীকে রেলওয়ের নিরাপত্তা কর্মীরা পিটিয়ে জখম করেছে। ভাঙচুরের ১১ দিন পর রাজশাহী স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।#