শনিবার, অক্টোবর ০৩, ২০২৬

ফুলবাড়ীতে আগুনে রিকশাচালকের ঘর পুড়ে ছাই, গর্ভবতী গাভীসহ ৪ পশুর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৭:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৭:১৩ অপরাহ্ন
ফুলবাড়ীতে আগুনে রিকশাচালকের ঘর পুড়ে ছাই, গর্ভবতী গাভীসহ ৪ পশুর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিকশাচালক খোকনের বসতঘর পুড়ে গেছে। আগুনে গর্ভবতী একটি গাভী, বকনা বাছুর ও দুটি ভেড়াসহ চারটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বসতঘর ও গবাদিপশু হারিয়ে অসহায় পরিবারটি এখন চরম দুর্ভোগে পড়েছে।


শুক্রবার (২ অক্টোবর) উপজেলার শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর গ্রামের আদর্শ কলেজপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে খোকনের বসতঘরে তা ছড়িয়ে পড়ে। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা একটি গর্ভবতী গাভী, একটি বকনা বাছুর ও দুটি ভেড়া আগুনে পুড়ে মারা যায়।

অগ্নিকাণ্ডের সময় পাশের একটি ঝুপড়ি ঘরে অবস্থান করছিলেন খোকনের প্রতিবন্ধী মা। আগুনের ঘটনায় তাঁর নিরাপত্তা নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।


এদিকে বসতঘরের পাশাপাশি গবাদিপশু হারিয়ে পরিবারটির আর্থিক সংকট আরও তীব্র হয়েছে। বিশেষ করে গবাদিপশুগুলো পরিবারের জীবিকার অন্যতম অবলম্বন হওয়ায় এ ক্ষতি তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।


ঘটনার খবর পেয়ে শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন। তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং নগদ অর্থসহায়তা প্রদান করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।


চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, সংসদ সদস্য (এমপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে যথাসাধ্য সহযোগিতা করার ব্যবস্থা করা হবে।”


এ সময় ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান ফিজারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একটি বসতঘর ও চারটি গবাদিপশু হারিয়ে পরিবারটি এখন নিদারুণ সংকটে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষের মানবিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।