পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন, ৫১ সদস্যের কমিটি
নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন, কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ, পোরশা উপজেলা শাখা।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মুস্তাফিজুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রদীপ লাকড়া, কেন্দ্রীয় সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, নওগাঁ জেলা সভাপতি আমিন কুজুর ও সাধারণ সম্পাদক দিপঙ্কর লাকড়া।
সম্মেলনে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে গবেশ টপ্প্যকে সভাপতি, রিপন দাস ভূইমালিকে সাধারণ সম্পাদক ও লক্ষিন্দর টপ্প্যকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদের পোরশা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলন শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার সুযোগ তৈরি হয়।
আয়োজকরা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।