ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে এক রাতে ৬ গরু চুরি
পাবনার ঈশ্বরদীতে এক রাতে এক বিএনপি নেতার গোয়াল থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, সলিমপুর ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আলম প্রামাণিকের বাড়ি থেকে এসব গরু চুরি করা হয়।
স্থানীয় ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আলম প্রামাণিক ও তার ভাই মান্নান প্রামাণিক দীর্ঘদিন ধরে গবাদিপশুর ব্যবসা পরিচালনা করে আসছেন। আলম প্রামাণিক জানান, তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এই ব্যবসাটি দেখভাল করেন। প্রতিদিনের মতো সেদিন রাতেও বেশ কয়েকটি গরু বাড়িতে আনা হয়েছিল। গোয়ালঘরে পর্যাপ্ত জায়গা না থাকায় কিছু গরু সামনের ফাঁকা স্থানে বাঁধা হয়। রাত ১টার দিকে ঘুম থেকে উঠে তিনি শেষবারের মতো গরুগুলো স্বাভাবিক দেখতে পান। পরবর্তীতে রাত ৩টার পর পুনরায় ঘুম ভাঙলে গোয়ালঘরের সামনে গিয়ে দেখতে পান ৬টি গরু উধাও। চোরচক্র সুযোগ বুঝে রাতের আঁধারে গরুগুলো নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, খবর পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছে। চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।