জাতীয় সংসদ নির্বাচন ৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা, দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় ১০ দিন

সোনার দেশ ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে তিনজন রয়েছেন ইসির নিজস্ব কর্মকর্তা। একই সঙ্গে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য নির্বাচনী পর্যবেক্ষণের আবেদন গ্রহণে ১০ দিনের সময় নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিষয় দুটি নিশ্চিত করেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের তিন কর্মকর্তাসহ মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে ইসির নিজস্ব তিন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেলেন।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব নেবেন চট্টগ্রাম-১১ আসনে। খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন খুলনা-৩ আসনে। এর বাইরে ঢাকার বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং দেশের সব জেলার ডিসিরা নিজ নিজ জেলায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পাবেন।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী কোনো দেশি পর্যবেক্ষক সংস্থাকে তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে কোন এলাকা বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করতে চায় তা উল্লেখ করে লিখিত আবেদন করতে হবে। আবেদন করতে হবে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর।
বর্তমানে ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ৮১টি।
এর আগে বিকেলে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ রেখে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তথ্যসূত্র: বাংলানিউজ