বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিবগঞ্জে সংযোগ বিচ্ছিন্নের ৭ দিন পর নোটিশ!

শিবগঞ্জ প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন
শিবগঞ্জে সংযোগ বিচ্ছিন্নের ৭ দিন পর নোটিশ!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সাত দিন পর গ্রাহককে নোটিশ দেওয়ার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিনা নোটিশে সংযোগ বিচ্ছিন্ন করার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। প্রচলিত নিয়ম অনুসরণ না করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।


ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকোরী গ্রামে জমির আলীর বাড়িতে। ভুক্তভোগী জমির আলী ওই গ্রামের আনেস আলীর ছেলে।


জমির আলীর অভিযোগ, তাঁর বাড়ির ওপর দিয়ে অন্য এক গ্রাহককে জোর করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিবাদ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ৭ অক্টোবর বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে বিদ্যুৎ অফিসের ছয়-সাতজন কর্মী এসে তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলে যান। অথচ তাঁর বাড়ির বিদ্যুৎ বিল বকেয়া নেই এবং সংযোগ বিচ্ছিন্ন করার আগে অফিস থেকে কোনো নোটিশও দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।


এ বিষয়ে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। পরদিন বুধবার গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে জানাবেন বলেও জানান তিনি।


পরে বুধবার (১৪ অক্টোবর) যোগাযোগ করা হলে ডিজিএম নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, গত ১৩ অক্টোবর জমির আলীকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে।


তবে সংযোগ বিচ্ছিন্ন করার সাত দিন পর নোটিশ দেওয়ার বিষয়টি নিয়মবহির্ভূত কি না, জানতে চাইলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।


সংযোগ বিচ্ছিন্ন করার আগে নোটিশ দেওয়া হয়েছিল কি না এবং কী কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।