বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

গুরুদাসপুরে গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

গুরুদাসপুর প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ১০:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গুরুদাসপুর প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ১০:০১ অপরাহ্ন
গুরুদাসপুরে গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে স্বামীর নির্যাতন, যৌতুকের চাপ ও পরকীয়ার অভিযোগের মধ্যে বিষপান করা সুবর্ণা খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সুবর্ণার বাবা গোলাম মোস্তফা থানায় অপমৃত্যুর মামলা করেছেন। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে।


মামলার নথি ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে যোগেন্দ্রনগর ভাটোপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আলামিন হোসেনের সঙ্গে মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সুবর্ণার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।


পরিবারের অভিযোগ, যৌতুকের চাপ, স্বামীর পরকীয়া ও নির্যাতন নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১১ অক্টোবর রাতে পারিবারিক বিষয় নিয়ে আলামিন ও সুবর্ণার মধ্যে কথা-কাটাকাটি হয়। পরদিন ১২ অক্টোবর সকালে সুবর্ণা নিজ ঘরে ঘাস মারার বিষ পান করেন। পরে তাঁকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে।


সুবর্ণার পরিবারের অভিযোগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে ফেলে রেখে স্বামী ও শাশুড়ি তাঁর গহনা ও শিশুকন্যাকে নিয়ে চলে যান। পরে তাঁকে আবার গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেই বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।


সুবর্ণার বাবা গোলাম মোস্তফা ও ভাই হাফিজুল ইসলাম অভিযোগ করেন, স্বামী ও শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে সুবর্ণা আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের দাবি, সুবর্ণার স্বামী পরকীয়ায় জড়িত ছিলেন।


গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।