বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বদলগাছীতে জানালা ভেঙে বৃদ্ধার সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

বদলগাছী প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন
বদলগাছীতে জানালা ভেঙে বৃদ্ধার সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

নওগাঁর বদলগাছীতে গভীর রাতে জানালার লোহার অংশ ও কাঠের পাল্লা ভেঙে ঘরে ঢুকে এক বৃদ্ধার স্বর্ণালংকার ও মুঠোফোন চুরি করেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ১ ভরি ৬ আনা, যার আনুমানিক মূল্য তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী নিলুফা আক্তার ওই গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে একটি সোনার চেন, এক জোড়া হাতের বালা, একটি আংটি, দুইটি কানের দুল ও একটি নোকিয়া বাটন মুঠোফোন।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন নিলুফা আক্তার। রাত সাড়ে ৩টার দিকে ঘুম ভাঙলে ঘরের আসবাবপত্র ও জামাকাপড় এলোমেলো দেখতে পান। পরে জানালা ভাঙা অবস্থায় দেখে আলমারিতে রাখা স্বর্ণালংকার ও মুঠোফোন খুঁজে পাননি তিনি।


নিলুফা আক্তার জানান, আলমারিতে রাখা স্বর্ণালংকার এবং আলমারির ওপরে রাখা মুঠোফোন চুরি হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি শনাক্ত করতে পারেননি।


স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিলুর রহমান জানান, চুরির খবর পেয়ে রাতেই তিনি নিলুফা আক্তারের বাড়িতে যান। ঘরে গিয়ে আলমারি ভাঙা এবং জামাকাপড় এলোমেলো অবস্থায় দেখতে পান। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।


বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রায় ১ ভরি ৬ আনা স্বর্ণালংকার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।